সংগৃহীত ছবি
শুধু তিন দিনের অপেক্ষা বাকি, তারপরই কলকাতায় পা রাখবেন ফুটবল তারকা লিওনেল মেসি। কলকাতার সল্টলেক স্টেডিয়াম থেকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব—সব জায়গাতেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। মুম্বাই, দিল্লি ও হায়দরাবাদও সফরের অংশ।
মেসিকে এ সফরে ধুতি ও পাঞ্জাবিতে দেখা যেতে পারে। তার জন্য থাকবে বিভিন্ন উপহার, পাশাপাশি স্ত্রী আন্তোনেল্লার জন্য শাড়িও দেওয়া হবে। খাবারের তালিকায় থাকবে ইলিশ, চিংড়ি, নলেন গুড়ের রসোগোল্লা এবং মিষ্টি দই।
কলকাতায় অবস্থান সবচেয়ে সংক্ষিপ্ত হলেও আয়োজন হবে বৈচিত্র্যময়। মেসির থিমসং নিয়ে অরিন্দম চট্টোপাধ্যায়ের সুরে ভিডিও তৈরি হয়েছে, যা কলকাতার ফুটবলের উন্মাদনা তুলে ধরেছে। মেসির নাম লেখা টি-শার্টও বাজারে এসেছে।
দক্ষিণ আমেরিকার ট্যাঙ্গো নাচের সঙ্গে মিলিয়ে রবীন্দ্রসংগীত পরিবেশনা হবে, যা করবেন ক্ল্যাসিক্যাল ড্যান্সার অনুশ্রী বন্দ্যোপাধ্যায় ও টালিউড শিল্পীরা। মাঠে খুদে ফুটবলারদের সঙ্গে একটি কোচিং ক্লিনিকেও অংশ নেবেন মেসি।
এছাড়া তিনি মোহনবাগান ও ডায়মন্ডহারবারের ম্যাচও দেখবেন এবং সম্ভব হলে দু-একটি পেনাল্টি কিক নেবেন।
টিকিট বিক্রি ভালো হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। কিছু করপোরেট গ্রুপকে বড়সংখ্যক টিকিট দেওয়া হয়েছে। শ্রীভূমি স্টেডিয়ামে মেসি নিজেই একটি মূর্তির উদ্বোধন করবেন, যেখানে রয়েছে দিয়েগো ম্যারাডোনার মূর্তিও; নিরাপত্তার কারণে উদ্বোধন ভার্চুয়ালি হবে।
শাহরুখ খান সকাল সাড়ে ১১টায় যুবভারতীতে উপস্থিত হবেন। এরপর দুপুর ১২টার দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছাবেন। সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং লিয়েন্ডার পেজকেও।
শেষপর্যায়ে মেসি একটি হুডখোলা জিপে যুবভারতী প্রদক্ষিণ করবেন।





