মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাফুফের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে যুক্ত হলো বিএসআরএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবার ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম)-এর সঙ্গে। আজ বুধবার বাফুফে ভবনে ১০ বছরের এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তির প্রথম পাঁচ বছরে বিএসআরএম একটি নির্দিষ্ট আর্থিক সহায়তা দেবে। প্রথম পর্যায়ের কার্যক্রম মূল্যায়নের পর পরবর্তী পাঁচ বছরের আর্থিক অংশ নির্ধারিত হবে।

বাফুফে জানিয়েছে, চুক্তির আওতায় কোচেস ট্রেনিং প্রোগ্রাম, টেকনিক্যাল প্রোগ্রাম, এলিট একাডেমীসহ দেশের ফুটবল উন্নয়নের বিভিন্ন উদ্যোগে সরাসরি অংশগ্রহণ করবে বিএসআরএম।

চুক্তি স্বাক্ষরের পর বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, “বিএসআরএম দীর্ঘদিন ধরে বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। তারা শুধু ব্যবসার সঙ্গে নয়, উন্নয়নমূলক কর্মকাণ্ডেও যুক্ত। তাদের তিনটি কোর ভ্যালু—শক্তি, নিরাপত্তা এবং স্থায়িত্ব—বাফুফের মূল্যবোধের সাথে মেলে।”

তিনি আরও বলেন, “১০ বছরের এই অংশীদারিত্বে আমরা প্রতি বছরের কার্যক্রম নির্ধারণ করব। ফুটবলের পাশাপাশি শিশু নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন এবং ফিজিক্যাল-মেন্টাল স্ট্রেন্থিং এডুকেশন কর্মসূচি সারা দেশে বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। ফুটবলের পাইপলাইন এবং ট্যালেন্ট হান্টিং কার্যক্রমও সম্মিলিতভাবে বাস্তবায়িত হবে।”

বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানান, “বিএসআরএম আমাদের ডেভেলপমেন্ট পার্টনার। ফেডারেশনের আনুষ্ঠানিক অনুষ্ঠানে বা বোর্ড কার্যক্রমে তাদের লোগো থাকবে। স্পেসিফিক ক্ষেত্রে অন্যদের লোগো থাকলেও, স্টিল বা নির্মাণ সংক্রান্ত অন্য প্রতিষ্ঠান যুক্ত করা যাবে না।”

বিএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক আমের আলী হুসেইন ফুটবলের বিকেন্দ্রীকরণের গুরুত্ব তুলে ধরে বলেন, “আমাদের মূল লক্ষ্য ফুটবলের সঙ্গে যুক্ত হওয়া। বাংলাদেশের মেয়েরা ইতিমধ্যেই ভালো করছে, ছেলেরা সম্প্রতি উন্নতি করছে। আমরা চাই ফুটবল সারাদেশে ছড়িয়ে পড়ুক। বিকেন্দ্রীকরণ নিশ্চিত হলে দেশব্যাপী অনেক নতুন ফুটবলার উঠে আসবে।”

শেয়ার করুন