ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ভবনের ভিতরে কেউ আটকা আছে কি না তা যাচাই চলছে।
জাকার্তার পুলিশপ্রধান সুস্যাত্যো পুরনোমো কন্দ্রো জানান, আগুন দুপুরের দিকে প্রথম তলায় লেগে দ্রুত উপরের তলায় ছড়িয়ে পড়ে। ওই সময়ে কিছু কর্মী দুপুরের খাবার খাচ্ছিলেন, অন্যরা অফিস থেকে বেরিয়ে গিয়েছিলেন। এ দুর্ঘটনায় মঙ্গলবার বিকেল পর্যন্ত অন্তত ২০ জন নিহত হয়েছেন। তিনি বলেন, উদ্ধারকাজ চলমান এবং আগুন নিয়ন্ত্রণের পর ভবনের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা হচ্ছে।
ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পড়া ভবনে টেরা ড্রোন ইন্দোনেশিয়া নামের একটি কোম্পানির কার্যালয় ছিল। প্রতিষ্ঠানটি খনিজ, কৃষি এবং অন্যান্য খাতের জন্য ড্রোন সরবরাহ করে এবং জাপানের টেরা ড্রোন করপোরেশনের ইন্দোনেশীয় শাখা হিসেবে কাজ করে।
স্থানীয় সম্প্রচারমাধ্যম কম্পাস টিভির ফুটেজে দেখা গেছে, প্রায় এক ডজন দমকলকর্মী ভবন থেকে মানুষকে উদ্ধার করার চেষ্টা করছেন। কেউ লাশ বহন করে নিচে নামাচ্ছেন, আবার কিছু কর্মী বহনযোগ্য মই ব্যবহার করে উপরের তলা থেকে নিরাপদে নিচে নেমে আসছেন। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।





