অপু দাস, স্টাফ রিপোর্টার :
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষা-জগতের সঙ্গে পরিচয় করিয়ে দিতে আয়োজন করলো একটি তথ্যবহুল সেমিনার ‘আমেরিকায় উচ্চশিক্ষায় সম্ভাবনা’। সোমবার (৮ ডিসেম্বর) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের কনফারেন্স রুমজুড়ে জমে ওঠে শিক্ষার্থীদের স্বপ্ন, কৌতূহল ও ভবিষ্যৎ পরিকল্পনার আড্ডা। রুয়েট ক্যারিয়ার ফোরামের উদ্যোগ এবং ছাত্রকল্যাণ দপ্তরের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বহু শিক্ষার্থী অংশ নেন।
সেমিনারে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী। অনুষ্ঠানে এডুকেশন ইউএসএ ও রাজশাহীর আমেরিকান কর্নারের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, ভর্তির প্রস্তুতি, প্রয়োজনীয় যোগ্যতা, ভিসা প্রক্রিয়া ও বিশ্ববিদ্যালয় নির্বাচনসহ বাস্তবমুখী নানা দিক নিয়ে বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তাদের তথ্যসমৃদ্ধ দিকনির্দেশনা শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার দীর্ঘ পথকে আরও স্পষ্ট করে তোলে।
সেমিনারে জানানো হয় বর্তমানে ২০ হাজারেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণ করছে। আন্তর্জাতিক শিক্ষার্থী বৃদ্ধির হারে বাংলাদেশ এখন শীর্ষ দ্রুত-বর্ধনশীল দেশের তালিকায় ৯ম অবস্থানে রয়েছে, যা দেশের উচ্চশিক্ষা খাতে সম্ভাবনার ইতিবাচক ইঙ্গিত বহন করে।
এর আগে এডুকেশন ইউএসএ ও আমেরিকান কর্নারের প্রতিনিধিরা রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার।
সেমিনারটি শিক্ষার্থীদের জন্য শুধু তথ্য-বিনিময়ের সুযোগই নয়—বরং বৈশ্বিক শিক্ষার দরজা উন্মোচনের এক সোপান হয়ে ওঠে।





