সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি দাবিতে বলা হয়েছিল হজ ২০২৬ মৌসুমে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে মোবাইল ফোন দিয়ে ছবি বা ভিডিও ধারণ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। তবে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব দাবি সম্পূর্ণ অসত্য বলে জানিয়েছে।
সরকারি কোনো দপ্তর থেকে এমন নিষেধাজ্ঞা জারির ঘোষণা দেওয়া হয়নি বলে নিশ্চিত করেছে একাধিক অফিসিয়াল সূত্র। ফ্যাক্ট চেকিং সংস্থাগুলোও জানিয়েছে, বিষয়টি সম্পূর্ণ গুজব এবং যেসব পোস্ট ছড়িয়েছে সেগুলোর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।
গত কয়েক সপ্তাহে বিভিন্ন অনলাইন পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে দাবি করা হয়, হজের সময় ভিড় নিয়ন্ত্রণের অংশ হিসেবে ছবি ও ভিডিও করা নাকি বন্ধ করে দেবে সৌদি সরকার। অথচ হজ ও ওমরা মন্ত্রণালয়, কিংবা সরকারের অন্য কোনো দপ্তর, এমন তথ্য প্রকাশ করেনি বা সমর্থনও করেনি।
দ্য ইসমালিক ইনফরমেশনের যাচাই-বাছাইয়ে দেখা গেছে, দুই পবিত্র মসজিদে ফটোগ্রাফি সংক্রান্ত কোনো নতুন বিধি কার্যকর করা হয়নি পূর্বের নির্দেশনারই ধারাবাহিকতা চলছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হজ ও রমজান মৌসুমে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভিত্তিহীন তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে, যা হাজিদের বিভ্রান্ত করে। এজন্য তীর্থযাত্রীদের প্রতি অনুরোধ যে কোনো সিদ্ধান্ত বা নীতিমালা সম্পর্কে জানতে তারা যেন কেবল সরকারি ঘোষণা বা যাচাইযোগ্য উৎসের ওপর নির্ভর করেন।
উল্লেখ্য, অতীতে পেশাদার ক্যামেরা, বড় আকারের সরঞ্জাম বা এমন ছবি ধারণে নিষেধাজ্ঞা ছিল, যা অন্য হাজিদের ইবাদত ব্যাহত করতে পারে বা বাণিজ্যিকভাবে ব্যবহারের উদ্দেশ্য থাকে। ২০১৭ সালে এসব বিষয়ে কঠোরতা কিছুটা বাড়ানো হয়েছিল।





