সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আবারও সংঘর্ষে জড়াল “ঢাকা ও আইডিয়াল” কলেজের শিক্ষার্থীরা

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এক মাস আগে মারামারি বন্ধ ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার লক্ষ্যে ‘শান্তিচুক্তি’ করলেও, মঙ্গলবার (৯ ডিসেম্বর) আবারও দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে।

ঘটনা ঘটেছে রাজধানীর সাইন্সল্যাব এলাকায়, বেলা সাড়ে ১১টার দিকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব জানান, ল্যাবএইড হাসপাতালের সামনের রাস্তায় ঢাকা কলেজের একটি বাস চলার সময় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ইটপাত্তা ছোড়ে। এ ঘটনা থেকে উত্তেজনা সৃষ্টি হয়ে মারামারির রূপ নেয়। ওসি আরও বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীদের থামিয়ে ক্যাম্পাসে ফিরিয়ে পাঠানো হয়েছে। আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা কলাবাগান থানার এলাকায় হওয়ায় সেখানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে।

এই সংঘর্ষের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত মারামারির ঘটনা ঘটে, যা স্থানীয় যানজট এবং সাধারণ মানুষের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।

গত ৯ নভেম্বর, নিউমার্কেট থানা পুলিশের উদ্যোগে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে একটি মৌখিক ‘শান্তিচুক্তি’ হয়েছিল। সেই সময় তারা প্রতিজ্ঞা করেছিলেন, আর কোনো ধরণের মারামারি করবে না। তবে এক মাসের মধ্যেই সেই প্রতিজ্ঞা ভঙ্গ হয়েছে।

শেয়ার করুন