মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় পি এন কম্পোজিট লিমিটেডের শ্রমিকরা কারখানার প্রধান ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, গত ৭ ডিসেম্বর কারখানার এক শ্রমিক জরুরি কাজে বাইরে যান। কাজ শেষে অফিসে ফেরার সময় কারখানার কয়েকজন কর্মকর্তার সঙ্গে তার বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এই ঘটনার পর সোমবার শ্রমিকরা কয়েকজন কর্মকর্তার পদত্যাগ দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। কারখানা কর্তৃপক্ষ তাদের শান্ত করতে ব্যর্থ হওয়ায় রাতে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় কারখানাটি বন্ধ করার।
পরের সকালে শ্রমিকরা কারখানায় এসে বন্ধের নোটিশ দেখার পর প্রধান ফটকে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করেন।
শ্রমিক তানজিনা আক্তার বলেন, “আমাদের শ্রমিকদের অপমান করেছে। আমরা ওই কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেছি। কিন্তু তারা কারখানা বন্ধ করে দিয়েছে এবং বেতনও দিচ্ছে না। দ্রুত না খুললে আমরা কঠোর অবস্থান নেব।”
অন্য শ্রমিক সুলতান মাহমুদ জানান, “আমাদের মানুষ হিসেবে গণ্য করা হয় না। কোনো প্রতিবাদ করলে তারা কারখানা বন্ধ করে দেয় এবং বেতনও বন্ধ করে দেয়।”
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, “ঘটনাস্থলে শিল্প-পুলিশ ও থানা-পুলিশ উপস্থিত রয়েছেন। শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আছে, তবে শ্রমিকরা এখনও কারখানার ফটকে জড়ো রয়েছেন।”





