মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পুলিশ কনস্টেবল এর বিরুদ্ধে ইসলামপুরে পরিবারিক সংবাদ সম্মেলন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:


জামালপুরের ইসলামপুর উপজেলায় সাবেক কৃষিমন্ত্রীর গানম্যান পুলিশ কনস্টেবল রেজাউল করিম (স্ট্যালিন)-এর বিরুদ্ধে ভূমি দখল, ক্ষমতার অপব্যবহার ও ঘর নির্মাণে বাধার অভিযোগ তুলে সোমবার (৮ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করেছেন তার মা ও সহোদর ভাইবোনরা।

উপজেলার কাচারীপাড়া এলাকায় নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা অভিযোগ করেন, রেজাউল করিম পুলিশি প্রভাব ব্যবহার করে পৈত্রিক সম্পত্তি জবরদখলের চেষ্টা করছেন এবং দীর্ঘদিন ধরে পরিবারের অন্য সদস্যদের নানা হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করছেন।

বড় ভাই মাসুদ করিম পারভেজ বলেন, “রেজাউল পুলিশে চাকরিকে ঢাল হিসেবে ব্যবহার করছে। আমরা নিজের জমিতে ঘর বানাতে গেলে সে বাধা দেয়, ভীতি সৃষ্টি করে এবং নির্মাণসামগ্রী নষ্ট করে।”

মা জেবুন আক্তার জানান, “আমার ছয় সন্তানের মধ্যে সম্পত্তি ভাগ হয়ে গেছে। কিন্তু তৃতীয় ছেলে রেজাউল দীর্ঘদিন ধরে অন্যান্য সন্তানদের নানাভাবে নির্যাতন ও হয়রানি করছে।”

পরিবারের দাবি, রেজাউল করিমের প্রভাব এত বিস্তৃত যে কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও তারা ন্যায়বিচার পাননি।

সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রতিবেশীরাও পরিবারের অভিযোগের সত্যতা এবং রেজাউলের দীর্ঘদিনের প্রভাব বিস্তারের বিষয়টি সমর্থন করেন।

পরিবার সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করে বলেন, “আমরা ন্যায়বিচার ও নিরাপত্তা চাই। পৈত্রিক জমি রক্ষা করে শান্তিতে থাকার অধিকার ফিরিয়ে দেওয়া হোক। পাশাপাশি মিথ্যা মামলা, হয়রানি ও হামলা থেকে সুরক্ষা দিতে স্থানীয় প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করি।”

শেয়ার করুন