ফাইল ছবি
নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলের নিলক্ষা এলাকায় দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে মামুন মিয়া (২৫) নামে এক প্রবাসফেরত যুবক প্রাণ হারিয়েছেন। এ সময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে দড়িগাঁও এলাকায় এই সংঘর্ষ হয়।
নিহত মামুন মিয়া স্থানীয় আব্দুল আউয়ালের ছেলে। তিনি কুয়েতে কর্মরত ছিলেন এবং মাত্র ১৫ দিন আগে ছুটিতে দেশে ফেরেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিলক্ষা এলাকায় দীর্ঘদিন ধরে প্রয়াত শহিদ মেম্বার গ্রুপ ও ফেলু মিয়া গ্রুপের মধ্যে প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলছিল। সোমবার সকালে স্থানীয় বাজারে ফেলু মিয়ার মেয়ের জামাতার সঙ্গে মামুনের বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরেই দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে গোলাগুলি ও ধাওয়া-পালটা ধাওয়া শুরু হলে মামুনসহ কয়েকজন গুলিবিদ্ধ হন।
আহত অবস্থায় মামুনকে নরসিংদী জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ অন্যদের মধ্যে তার বাবা আউয়াল মিয়া (৫৫) ও পরশ মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।





