ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সটির অবতরণের অনুমতি নেওয়া হয়েছিল, তা শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, অপারেটর প্রতিষ্ঠান নিজ উদ্যোগেই পূর্বে নেওয়া স্লট অনুমোদন প্রত্যাহারের আবেদন করেছে।
খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের একটি এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই অপারেটর প্রতিষ্ঠান স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে অবতরণের ওই অনুমতি বাতিলের আবেদন করে।
বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, ‘এফএআই এভিয়েশন গ্রুপ তাদের স্থানীয় এজেন্টের মাধ্যমে আগের দেওয়া স্লট অনুমোদন প্রত্যাহারের আবেদন করেছে। বিষয়টি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাচ্ছি।’
এর আগে অপারেটরের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছে রাত ৯টার দিকে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার অনুমতি পেয়েছিল।
জানা গেছে, কাতার সরকারের সহায়তায় জার্মানির এফএআই এভিয়েশন গ্রুপ থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া নেওয়া হয়েছিল। ব্যবহারের জন্য নির্ধারিত বিমানটি ছিল বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ মডেলের একটি লং-রেঞ্জ মেডিকেল ইভাকুয়েশন জেট।
এই মডেলের বিমান দীর্ঘ দূরত্বে রোগী পরিবহনে সক্ষম হওয়ায় ঢাকা থেকে লন্ডন পর্যন্ত মেডিকেল ট্রান্সফারের জন্য এটি উপযোগী হিসেবে বিবেচিত হয়েছিল।
তবে স্লট বাতিলের পেছনে প্রকৃত কারণ নিয়ে অপারেটর প্রতিষ্ঠান কিংবা বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।





