শুক্রবার, ২৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পাকিস্তানের পাল্টা অভিযানে নিহত ২৩ আফগান সেনা

সীমান্তে দাড়িয়ে আছে পাকিস্তানি সেনা। ফাইল ছবি

পাকিস্তানের সেনাবাহিনীর টানা দুই দিনের পাল্টা অভিযানে কমপক্ষে ২৩ আফগান তালেবান সেনা নিহত হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ

সংবাদমাধ্যমটি একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানায়, বেলুচিস্তানের চামান সীমান্ত এলাকায় এসব আফগান সেনা নিহত হয়েছেন।

সূত্র জানায়, শুক্রবার মধ্যরাতে সীমান্তের জামান সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রথমে ছোট অস্ত্র দিয়ে গুলি চালায় আফগান সেনারা। এর পরপরই পাকিস্তানের সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেয়। শুরুতে হালকা অস্ত্রের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা হয় এবং প্রায় ৪৫ মিনিট ধরে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি চলে।

পরবর্তী সময়ে আফগান সেনারা যাতে আর পাল্টা আক্রমণ চালাতে না পারে, সে জন্য পাকিস্তান সেনাবাহিনী ভারী অস্ত্র মোতায়েন করে। এসব অস্ত্রের মধ্যে ছিল রকেট লঞ্চার, কামান ও অন্যান্য ভারী আগ্নেয়াস্ত্র। এই হামলায় আফগান তালেবান বাহিনীর তিনটি সীমান্ত চৌকি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।

একটি সূত্র জানিয়েছে, ‘সাধারণ আফগান জনগণ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয়েছে।’

সূত্রগুলো আরও দাবি করেছে, প্রথম দফার হামলার পর আফগান সেনারা জনবহুল এলাকায় অবস্থান নেয় এবং সেখান থেকেই পুনরায় গুলি চালায়। এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী ওই জনবহুল এলাকাতেও ভারী অস্ত্র ব্যবহার করে পাল্টা হামলা চালায়।

 দ্য নিউজ

শেয়ার করুন