নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
বাংলার চোখ নিউজ :
৭ ডিসেম্বর, ২০২৫ (রোববার) নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফতুল্লায় অনুষ্ঠিত হয়েছে বিশাল দোয়া মাহফিল। রাজনৈতিক পরিবর্তনের এই সময়ে মোহাম্মদ আলীর নেতৃত্বে নারায়ণগঞ্জ-৪ আসনের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে ।

দোয়া মাহফিলে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, “অনেকেই জানেন না, ১৯৯৬ সালে বেগম খালেদা জিয়া আমাকে ডেকে নিয়ে সংসদ সদস্য করেছিলেন। তিনি আমার রাজনীতির অভিভাবক ও অনুপ্রেরণা। আজ তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলেও এই সংকটময় সময়ে দেশ ও উন্নয়নের জন্য বেগম খালেদা জিয়ার সুস্থতা জাতির জন্য অত্যন্ত প্রয়োজন।”
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জবাসী ও মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহর কাছে তার সুস্থতার জন্য ফরিয়াদ জানানো হচ্ছে। তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করে আমাদের মাঝে ফিরে আসেন—এটাই সবার কামনা। ১৯৯৬ সালের পর প্রথম সংসদ সদস্য নির্বাচিত হলেও সেই সময়ের রাজনৈতিক জটিলতা ও সংসদ ভেঙে যাওয়ার কারণে জনগণের সেবা ঠিকভাবে করা সম্ভব হয়নি বলে উল্লেখ করেন তিনি।

মোহাম্মদ আলী বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিনি এবং নির্বাচিত হওয়ার ব্যাপারে আশাবাদী। “এটাই আমার জীবনের শেষ নির্বাচন এবং এটি হবে উন্নয়নের নির্বাচন,”—বলেন তিনি।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির প্রবীণ নেতা আবু হোসাইন সাঈদ, সাবেক সিনিয়র সহসভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. নূর আলম মিয়া, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, বিএনপির গণঅভ্যুত্থানের ডকুমেন্টেশন উপকমিটির সদস্য এস. আলম রাজীব, সাবেক এনায়েত নগর ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাবেক সভাপতি এস. আলম ইসরাৎ, সাবেক এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের আজাদ, জেলা সাইবার ইউজার দলের আহ্বায়ক মনোয়ার খান রাজীবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।





