শুক্রবার, ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

যশোরে সোনার বার-স্বর্ণালংকারসহ আটক ১

যশোরের কোতোয়ালী থানার দাইতলা ব্রিজ থেকে তিনটি স্বর্ণের বার ও চারটি স্বর্ণালংকারসহ বিকাশ কুমার ঘোষ (৩৪) নামে এক স্বর্ণপাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সে কুষ্টিয়ার মিরপুর থানার উত্তর কাটদহ গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর সাড়ে ৫টায় যশোর ৪৯ বিজিবির টহল দল অভিযান চালিয়ে বিকাশ কুমারকে আটক করে। তার প্যান্টের পকেটে লুকানো ৫১৫.৯ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বার ও চারটি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ধরা হয়েছে ৯৩ লাখ ৫৯ হাজার ৮০৭ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। আটক আসামিকে মামলা দিয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে ৪ ডিসেম্বরও যশোরের কোতোয়ালী থানা এলাকা থেকে এক কেজি ১৬৪ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণপাচারকারীকে আটক করা হয়েছিল।

শেয়ার করুন