মঙ্গলবার, ৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

তফশিল ঘোষণা হবে চলতি সপ্তাহেই: ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল চলতি সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সানাউল্লাহ বলেন, এ সপ্তাহেই তফশিল ঘোষণা করা হবে। আচরণবিধি যথাযথভাবে বাস্তবায়নের জন্য তফশিল ঘোষণার দিন থেকেই প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। পরবর্তীতে ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেটের সংখ্যা আরও বাড়ানো হবে। তফশিল ঘোষণার পর পোস্টার সরাতে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে পোস্টার না সরালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, তফশিল ঘোষণার পর উপদেষ্টা পরিষদ নতুন কোনো প্রকল্প অনুমোদন দিতে পারবে না। পাশাপাশি উপদেষ্টা পরিষদের কোনো সদস্য পদে বহাল থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না। আইন যাদের নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেবে, তারাই কেবল ভোটের প্রতিযোগিতায় থাকতে পারবেন।

নির্বাচনে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, এবার সকাল সাড়ে ৭টা থেকে ভোট শুরু হবে এবং বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। প্রবাসী ভোটারদের জন্য সোমবার (৮ ডিসেম্বর) থেকে ব্যালট ছাপানো শুরু হবে।

নির্বাচনের দায়িত্বে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ প্রসঙ্গে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সরকারি, আধা সরকারি এবং সরকারি ব্যাংকের কর্মকর্তাদের এই দায়িত্বে নেওয়া হবে।

এ মুহূর্তে বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ভোটের কাজে নিযুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

তিনি আরও জানান, ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হবে। তবে নির্বাচন পরিচালনার প্রয়োজনে ব্যাংক ও পোস্ট অফিস খোলা থাকবে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী।

শেয়ার করুন