নোয়াখালীর বেগমগঞ্জে একটি পারিবারিক কবরস্থান থেকে ৬টি একনলা বন্দুক ও একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৭ নভেম্বর) সকালে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের মনু মিজির বাড়ির পারিবারিক কবরস্থানের একটি ভাঙা কবর থেকে বস্তাবন্দি অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকাল ৯টার দিকে জগদীশপুর গ্রামের মনু মিজির বাড়ির লোকজন তাদের বাড়ির পাশের পারিবারিক কবরস্থান পরিষ্কার করতে গেলে একটি ভাঙা কবরে বস্তায় মোড়ানো ব্যাগ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ও বেগমগঞ্জ মডেল থানার পুলিশকে জানায়।
খবর পেয়ে চন্দ্রগঞ্জ ও বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত অবস্থায় বস্তাবন্দি ব্যাগটি উদ্ধার করে। ব্যাগটি খুলে এর ভেতর থেকে ৬টি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ১টি দেশীয় তৈরি পাইপগান পাওয়া যায়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। বর্তমানে অস্ত্রগুলো চন্দ্রগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





