শুক্রবার, ২৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পিটিআইয়ের ১৩২ নেতার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)–এর আরও ১৩২ নেতার বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করেছে পাকিস্তান কর্তৃপক্ষ। ২০২৩ সালের ৯ মে’র ভাঙচুর–সহিংসতার মামলায় তাদের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।

শনিবার প্রকাশিত তথ্য অনুযায়ী, রাজনৈতিক অস্থিরতা উসকে দেওয়ার অভিযোগে ফেডারেল সরকার অভিযুক্তদের ওপর নজরদারি আরও কঠোর করেছে। একই সঙ্গে রাজনৈতিক নেতাদের নাম ইসিএলে অন্তর্ভুক্ত করার আনুষ্ঠানিক অনুমোদনও দেওয়া হয়েছে।

সূত্র জানিয়েছে, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান, শাহ মাহমুদ কোরেশি, ওমর আয়ুব, ফাওয়াদ চৌধুরী ও শিবলি ফারাজের নামও এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

সাবেক খাইবার-পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর, শহরিয়ার আফ্রিদি এবং উসমান দারকেও বিদেশে যেতে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া শিরিন মাজারি, জরতাজ গুল, মুসারাত চীমা ও কানওয়াল শউজাব—এই চার নারী নেত্রীর নামও ইসিএলে তোলা হয়েছে।

নিষেধাজ্ঞা জারি হয়েছে শেখ রশীদ, তাহির সাদিক, রাজা বাশারাত ও ওয়াসিক কায়িউমের বিদেশযাত্রাতেও।

সূত্র আরও জানিয়েছে, পাঞ্জাব হোম ডিপার্টমেন্ট ইসিএলে যুক্ত করার জন্য মোট ১৩২ জনের নাম সুপারিশ করেছিল।

সূত্র: সামা টিভি

শেয়ার করুন