ছবি: সংগৃহীত
ড্র ঘোষণার একদিন পর আগামী ফুটবল বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্টের সহ-আয়োজক মেক্সিকো উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে। ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের পুনরাবৃত্তিই দেখা যাবে এবারও। বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ১১ জুন দিবাগত রাত ১টায় মেক্সিকো সিটির বিখ্যাত এস্তাদিও অ্যাজটেকা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামী ২০ জুলাই দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।
উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—এই প্রথম যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। একই সঙ্গে প্রথমবারের মতো ৪৮ দল অংশ নেবে এই মহাযজ্ঞে। এত বড় পরিসরের আয়োজন হওয়ায় শুক্রবার অনুষ্ঠিত ড্রয়ের পর সূচি চূড়ান্ত করতে আরও একদিন সময় নেয় ফিফা।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাংলাদেশ সময় অনুযায়ী ১৭ জুন গ্রুপ জে–এর প্রথম ম্যাচে কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে খেলবে। এরপর তারা ডালাসে অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে পরবর্তী দুটি ম্যাচে অংশ নেবে।
২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ও ২০২২ সালের রানার্স-আপ ফ্রান্স গ্রুপ আই–এর তিনটি ম্যাচই খেলবে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের ভেন্যুগুলোতে। মেটলাইফ স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে ফরাসিরা। এরপর বোস্টনে নরওয়ের সঙ্গে লড়বে তারা। এ ছাড়া ফিলাডেলফিয়ায় আন্তঃমহাদেশীয় প্লে-অফ বিজয়ী দলের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলবে ফ্রান্স।
১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের চ্যাম্পিয়ন ব্রাজিল গ্রুপ সি–এর প্রথম ম্যাচে ১৪ জুন ভোর ৪টায় মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর মুখোমুখি হবে। ২০ জুন ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে এবং ২৫ জুন মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে কার্লো আনচেলত্তির শিষ্যরা। বিশ্বকাপে এটিই হবে ব্রাজিল ও স্কটল্যান্ডের পঞ্চম দেখা।
গ্রুপ ই থেকে জার্মানি ১৪ জুন হিউস্টনে ক্যারিবীয় দেশ কুরাসাওয়ের বিপক্ষে মাঠে নামবে।
এইচ গ্রুপে ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন আটলান্টার অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামে নবাগত কেপ ভার্দে ও সৌদি আরবের বিপক্ষে তাদের প্রথম দুটি ম্যাচ খেলবে। পরবর্তী ম্যাচে তারা মেক্সিকোর গুয়াদালাহারায় উরুগুয়ের মুখোমুখি হবে।
ইংল্যান্ড ১৭ জুন দিবাগত রাত ২টায় ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এল গ্রুপে ইংল্যান্ডের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে। ২৩ জুন দিবাগত রাতে বোস্টনে ঘানার বিপক্ষে এবং ২৭ জুন দিবাগত রাত ৩টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে পানামার বিপক্ষে খেলবে ইংলিশরা।





