সোমবার, ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৭ মাত্রার ভূমিকম্প, কাঁপুনি অনুভূত কানাডাতেও

যুক্তরাষ্ট্রের আলাস্কার ইয়াকুতাত এলাকার আশপাশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক শূন্য।

স্থানীয় সময় শনিবার (৬ ডিসেম্বর) রাতে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম  গার্ডিয়ানের– প্রতিবেদনে বলা হয়, শনিবার আলাস্কা ও কানাডার ইউকন সীমান্তবর্তী একটি প্রত্যন্ত অঞ্চলে ৭ দশমিক শূন্য মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তবে ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল আলাস্কার রাজধানী জুনো থেকে প্রায় ২৩০ মাইল (৩৭০ কিলোমিটার) উত্তর-পশ্চিমে এবং কানাডার ইউকনের হোয়াইটহর্স শহর থেকে ১৫৫ মাইল (২৫০ কিলোমিটার) পশ্চিমে অবস্থিত।

মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের পর আপাতত কোনো সুনামির আশঙ্কা দেখা যায়নি।

হোয়াইটহর্সের রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড জানান, ভূমিকম্পের ঘটনায় তারা পৃথক দুটি ৯১১ কল পেয়েছেন।

তিনি বলেন, কম্পন স্পষ্টভাবেই অনুভূত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই জানিয়েছেন, তারা ভূমিকম্পের ঝাঁকুনি টের পেয়েছেন।

কানাডার ভূকম্পবিদ অ্যালিসন বার্ড বলেন, ইউকনের যে অংশে ভূমিকম্প আঘাত হেনেছে, সেটি মূলত পাহাড়ি এলাকা এবং সেখানে জনবসতি তুলনামূলকভাবে কম।

তিনি আরও জানান, বেশিরভাগ মানুষ তাক ও দেয়াল থেকে বিভিন্ন জিনিস পড়ে যাওয়ার তথ্য দিয়েছেন।

গার্ডিয়ান-এর প্রতিবেদনে আরও বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের প্রায় ৬ মাইল (১০ কিলোমিটার) নিচে। মূল কম্পনের পর একই এলাকায় একাধিক ছোট আকারের আফটারশকও অনুভূত হয়েছে বলে জানিয়েছে ইউএসজিএস।

শেয়ার করুন