মঙ্গলবার, ৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ভারতের উত্তর গোয়ার নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩ জন নিহত

ভারতের উত্তর গোয়ার একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসন ও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত রোববার (৭ ডিসেম্বর) ভোরে এই তথ্য নিশ্চিত করেন।

ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) স্থানীয় সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, শনিবার গভীর রাতে রাজ্যের আরপোরা এলাকার একটি নাইটক্লাবে হঠাৎ আগুন ধরে যায়। এ ঘটনায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন পর্যটকও রয়েছেন।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, ‘আজ গোয়ার জন্য অত্যন্ত বেদনাদায়ক একটি দিন। আরপোরায় একটি বড় অগ্নিকাণ্ডে ২৩ জনের প্রাণহানি ঘটেছে।’

তিনি আরও লেখেন, ‘আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছি। যারা এই দুর্ঘটনার জন্য দায়ী প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে আইনের আওতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান, তিনজন আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন এবং বাকিরা ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে প্রাণ হারান। নিহতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটক রয়েছেন বলেও তিনি নিশ্চিত করেন।

পুলিশের বরাত দিয়ে পিটিআই জানায়, মধ্যরাতে ‘বার্চ বাই রোমিও লেন’ নামের ওই নাইটক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে।

গোয়ার পুলিশের মহাপরিচালক অলোক কুমার এএনআইকে বলেন, ঘটনাস্থল থেকে নিহত সকলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

শেয়ার করুন