মঙ্গলবার, ৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচন হবে আমাদের বড় পরীক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা 

আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘সামনে আমাদের অত্যন্ত বড় টেস্ট আছে, সেটা হলো নির্বাচন। একটি আদর্শ নির্বাচন হতে হবে, যেখানে কারও কোনো অভিযোগ থাকবে না। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা খুব গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।’

শনিবার (৬ ডিসেম্বর) রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব মন্তব্য করেন।

উপদেষ্টা আরও বলেন, ‘যাদের হেরে যাওয়ার সম্ভাবনা থাকবে, তারা ভোটকেন্দ্রে গণ্ডগোলের চেষ্টা করতে পারে। সেটা মাথায় রেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হবে, আমরা তাদের কাছে দায়িত্ব বুঝিয়ে চলে যাবো।’

সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, ‘বিভিন্ন ক্ষেত্রে আমরা সংস্কার করতে চেষ্টা করছি। বাকিটা নির্বাচিত সরকার এসে সম্পন্ন করবে বলে আশা করছি।’

শিক্ষা ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, ‘প্রাথমিক শিক্ষকরা এখন অনেক বেতন পান, কিন্তু শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে দায়িত্ব পুরোপুরি পালন করেন না। আমার পরিবার একটি স্কুল পরিচালনা করে। স্কুলটি সরকারি হলেও শিক্ষার মানে উন্নয়ন হয়নি।’

মতবিনিময় সভায় রংপুর জেলার শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি প্রাণিসম্পদসহ বিভিন্ন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তারা তাদের প্রতিষ্ঠানের সমস্যার কথা তুলে ধরেন।

এ সময় রংপুরের পুলিশ সুপার মারুফত হোসেন ও রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার তোফায়েল আহমেদ জানান, জেলা ও মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। ৫ আগস্টের পর পুলিশ বাহিনী সব ধকল কাটিয়ে উঠেছে।

বিকেলে উপদেষ্টা রংপুর ক্যাডেট কলেজ পরিদর্শন করবেন।

শেয়ার করুন