রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

একেন বাবু’ খ্যাত অনির্বাণ চক্রবর্তী বাস দুর্ঘটনার শিকার

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ‘একেন বাবু’ খ্যাত অনির্বাণ চক্রবর্তী শনিবার সকালে বাস দুর্ঘটনার শিকার হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে কলকাতার চারুমার্কেট থেকে রাসবিহারী যাওয়ার পথে। ঘটনার ফলে তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও তিনি গুরুতরভাবে আহত হননি এবং অল্পের জন্য বড় বিপদ এড়াতে সক্ষম হয়েছেন।

সূত্রের খবর, টালিগঞ্জ ব্রিজের নিচে একটি ভলভো বাসের সঙ্গে অনির্বাণের গাড়ির সংঘর্ষ ঘটে। বাসের ধাক্কায় গাড়ির জানালার কাচ ভেঙে যায় এবং সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর অনির্বাণ জানান, তিনি এবং গাড়ির চালক দুজনেই সুস্থ আছেন। তিনি একটি অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

অভিনেতা বলেন, আচমকাই তার গাড়ির সামনে অন্য একটি গাড়ি চলে আসে। সেটিকে বাঁচাতে গিয়ে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারান এবং বাসের সঙ্গে ধাক্কা লাগে। তিনি অভিযোগ করেন, দুর্ঘটনার পর বাসের চালক উদ্ধত আচরণ করেন এবং দায় চাপিয়ে পালানোর চেষ্টা করেন। অনির্বাণ পরে তাকে বাধা দেন।

এরপর তিনি টালিগঞ্জ এবং চারুমার্কেট থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, তারা অভিনেতার অভিযোগ পেয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার কারণে অনির্বাণের গাড়িটি রাস্তায় চালানোর মতো অবস্থায় না থাকার কারণে পুলিশি প্রহরায় তাকে তার গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।

শেয়ার করুন