মঙ্গলবার, ৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার বিষয়ে রাতে মেডিকেল বোর্ডের বৈঠক 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে কিনা, তা আজ (শনিবার, ৬ ডিসেম্বর) রাতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। বিএনপির মিডিয়া সেলের সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা যাত্রার উপযোগী হলে এবং মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলে এয়ার অ্যাম্বুলেন্স দেশে এসে তাকে নিয়ে যাবে।

এর আগে, ঢাকাস্থ কাতার দূতাবাস নিশ্চিত করেছে যে, শনিবার বেগম খালেদা জিয়ার জন্য কাতার আমিরের বিশেষ ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে। বিকেল ৫টায় এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

উন্নত চিকিৎসার জন্য শুক্রবার লন্ডনে নেওয়ার পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়ে এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে না পারায় যাত্রা স্থগিত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কারিগরি ত্রুটির কারণে শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্স আসেনি। সব ঠিক থাকলে শনিবার ঢাকায় পৌঁছাবে। তিনি আরও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা যাত্রার উপযোগী হলে এবং মেডিকেল বোর্ডের অনুমতি মিললে রোববার (৭ ডিসেম্বর) তিনি লন্ডনে যাত্রা করবেন।

এদিকে, অসুস্থ খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে ঢাকায় পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান। তিনি শুক্রবার সকালেই লন্ডন থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। সকাল পৌনে ১১টার দিকে তিনি ভিআইপি গেট দিয়ে বিমানবন্দর ত্যাগ করে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। কিছু সময় হাসপাতালে কাটানোর পর দুপুরে ধানমন্ডির পৈতৃক বাসভবনের উদ্দেশ্যে রওনা দেন।

শেয়ার করুন