পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। দুই দেশের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আফগান তালেবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ জানান, পাকিস্তানি বাহিনী কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় হামলা চালিয়েছে। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র অভিযোগ করেন, আফগান বাহিনী চামান সীমান্তে অযৌক্তিকভাবে গুলি চালানো শুরু করেছে।
পাকিস্তানি মুখপাত্র মুশাররফ জাইদি বলেন, পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং নিজেদের ভৌগোলিক অখণ্ডতা ও নাগরিকদের নিরাপত্তা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এই গোলাগুলির ঘটনা ঘটে সপ্তাহের শুরুতে ব্যর্থ শান্তি আলোচনার পর। উভয় দেশই নাজুক যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত হয়েছিল। গত সপ্তাহে সৌদি আরবে অনুষ্ঠিত বৈঠক ছিল কাতার, তুরস্ক ও সৌদি আরবের মধ্যস্থতায় চলমান আলোচনার সর্বশেষ ধাপ, যার উদ্দেশ্য ছিল অক্টোবরের প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর উত্তেজনা কমানো।
পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানভিত্তিক জঙ্গিরা সাম্প্রতিক সময়ে পাকিস্তানে হামলা চালাচ্ছে, যার মধ্যে আফগান নাগরিকদের জড়িত আত্মঘাতী হামলাও রয়েছে। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানের ভেতরের নিরাপত্তা পরিস্থিতির জন্য তারা দায়ী নয়।
তালেবান ক্ষমতায় ফেরার পর ২০২১ সাল থেকে সীমান্তে এটি অক্টোবরের সংঘর্ষের পর সবচেয়ে প্রাণঘাতী ঘটনা। ওই সংঘর্ষে বহু মানুষ নিহত হয়।
সূত্র: রয়টার্স





