রাজধানীর আগারগাঁও এলাকায় একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে দগ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন— মো. জলিল মিয়া (৫০), তার স্ত্রী আনেজা বেগম (৪০), ছেলে আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), মেয়ে মনিরা (১৭) ও ইভা (৬)।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মেয়ের জামাই আফরান মিয়া জানান, তার শ্বশুর জলিল মিয়া আগারগাঁওয়ের পাকা মার্কেট ইসলামিক ফাউন্ডেশনের বাম পাশের একটি বাসায় পরিবার নিয়ে বসবাস করেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পরিবারের ছয়জন দগ্ধ হন। খবর পেয়ে সকাল পৌনে ৮টার দিকে তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেওয়া হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শনিবার সকালের দিকে আগারগাঁও এলাকা থেকে নারী ও শিশুসহ ছয়জনকে দগ্ধ অবস্থায় বার্ন ইউনিটে আনা হয়। এ সময় তাদের ড্রেসিং চলছিল, তাই তাৎক্ষণিকভাবে দগ্ধের পরিমাণ জানা সম্ভব হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে বলে তিনি জানান।





