২০২২ কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস ও ফ্রান্সের বিপক্ষে ম্যাচ ঘোরানো শট রুখে আর্জেন্টিনাকে জয়ী করেছিলেন এমিলিয়ানো মার্তিনেস। ২০২৬ বিশ্বকাপের ছয় মাস আগে তিনি জানিয়েছেন, তিনি আবারও আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতাতে চাইছেন।
শুক্রবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) এক অনুষ্ঠানে ভিডিও বার্তায় মার্তিনেস বলেন, “আগের বিশ্বকাপ দারুণ ছিল। এবার উত্তেজনাটা আরও বেশি, বোঝানো যায় না।”
ক্লাবের ট্রফি বা ব্যক্তিগত পুরস্কারের তুলনায় জাতীয় দলে খেলা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “জাতীয় দলের হয়ে খেলাই আমার ক্যারিয়ারের আসল সুখ। দেশের মানুষ ও পরিবার আমাকে এমন শক্তি দেয়, তখন মনে হয় বল জালে ঢুকবেই না।”
৩৩ বছর বয়সী মার্তিনেস ২০২৪ কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করতে পাঁচটি সেভ করেছিলেন। ক্লাব ফুটবলেও তিনি ছন্দ ধরে রেখেছেন; অ্যাস্টন ভিলার হয়ে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ১১ ম্যাচে চারটি ক্লিন শিট রেখেছেন।
ব্যস্ত সূচি থাকা সত্ত্বেও বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করতে কোনো সমস্যা নেই তার। তিনি বলেন, “শরীর আমার ভালোই সাপোর্ট করে। প্রয়োজনে দুই দিন পরপর খেলতে পারি, ৬০টা ম্যাচ খেললেও সমস্যা নেই।”
২০২২ সালে বিশ্বকাপের সেরা গোলকিপার নির্বাচিত হওয়া মার্তিনেস আরও একবার আর্জেন্টিনার হয়ে বিশ্ব জয়ের স্বাদ নেওয়ার জন্য মুখিয়ে আছেন।





