ফরিদপুরের সদরপুরে একটি ঘরের দরজা লক হয়ে ভেতরে আটকা পড়েছিল সাড়ে তিন বছর ও দেড় বছরের দুই শিশু। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে তাদের উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।
বুধবার (৩ ডিসেম্বর) ৯৯৯-এর জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার বিকালে সদরপুর উপজেলার খালাসীডাঙ্গি বাবুরচর এলাকায় একজন ৯৯৯-এ ফোন করে জানায়, স্টিলের দরজা লক হয়ে যাওয়ায় দুই শিশু ঘরে আটকা পড়ে কান্নাকাটি করছে। দরজাটি পরিবারের পক্ষে ভাঙা সম্ভব না হওয়ায় তাৎক্ষণিক সহায়তা চাওয়া হয়।
কলটি গ্রহণ করে ৯৯৯-এর কলটেকার কনস্টেবল আবু জিহাদ সরকার সদরপুর ফায়ার সার্ভিস স্টেশনকে অবহিত করেন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘরের জানালা ভেঙে শিশু দুজনকে নিরাপদে উদ্ধার করেন। এতে পরিবারের সদস্যরা স্বস্তি পান এবং ৯৯৯ সেবাদাতা ও ফায়ার সার্ভিস সদস্যদের ধন্যবাদ জানান।
উদ্ধার কার্যক্রম সমন্বয় করেন ৯৯৯-এর ফায়ার ডিসপাচার ফাইটার মেহেদি হাসান।





