ছবি: সংগৃহীত
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রামে ঘটে গেছে হৃদয়বিদারক একটি হত্যাকাণ্ড। মনুছ মিয়ার আট বছর বয়সী মেয়ে হাবিবা নিখোঁজের একদিন পর ধর্ষণ ও হত্যার শিকার অবস্থায় উদ্ধার হয়।
পরিবার ও স্থানীরা জানান, ২ ডিসেম্বর বিকেল থেকে হাবিবা নিখোঁজ ছিল। বহু খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া না গেলে স্থানীয়দের সঙ্গে নিয়ে রাতভর অনুসন্ধান চালান পরিবার। পরদিন ৩ ডিসেম্বর বুধবার সকালে গ্রামের একটি নির্জন জায়গা থেকে তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের দাবি শিশুটিকে ধর্ষণের পর গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। তারা মনে করছেন, ঘটনাটি পূর্বপরিকল্পিতভাবে ঘটানো হয়েছে ।
তারা বলেন, এ ধরণের ঘটনা আমাদের এলাকায় প্রথম, আমরা এর সর্বোচ্চ বিচার চাই, দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।
নিহতের বাবা মনুছ মিয়া বলেন, আমার মা ছাড়া মেয়েটাকে যারা এভাবে হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই।
এলাকাজুড়ে নেমেছে শোক, ক্ষোভ ও আতঙ্ক। ঘটনাস্থলে ভিড় করেন বহু গ্রামবাসী। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।





