জলিলুর রহমান জনি (সিরাজগঞ্জ ):
সিরাজগঞ্জের শাহজাদপুরে আলোচিত নারী ইউপি সদস্য পিয়ারা খাতুন হত্যা মামলার প্রধান আসামি আব্দুল আলিম (৪৫)–কে গ্রেফতার করেছে র্যাব-১২। বুধবার (৩ ডিসেম্বর) সকালে র্যাব-১২ সদর দপ্তরের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানার হরিণচড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার আব্দুল আলিম শাহজাদপুর উপজেলার রতনকান্দি উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে এবং হাবিবুল্লাহ নগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ ডিসেম্বর সকালে নিজ ঘরের বিছানায় পিয়ারা খাতুনের নিথর দেহ দেখতে পান স্থানীয়রা। ঘটনার পরপরই নিহতের স্বামীসহ পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পিয়ারা খাতুন হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর পুরো জেলায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
এ ঘটনায় নিহতের বাবা হানিফ সরকার বাদী হয়ে শাহজাদপুর থানায় হত্যা মামলা (মামলা নং–১৩) দায়ের করেন। মামলার প্রধান আসামি হিসেবে চিহ্নিত আব্দুল আলিমকে গ্রেফতারের জন্য র্যাব-১২ এর একটি বিশেষ অভিযানিক দল কাজ করে যাচ্ছিল। তারই ধারাবাহিকতায় হরিণচড়া বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ সকালে তাকে শাহজাদপুর থানায় হস্তান্তর করেছে র্যাব।





