ছবি : ভিডিও থেকে নেওয়া
বিগত সরকারের শাসনামলে দেশের নির্বাচন ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি পুনরায় মেরামতের চেষ্টা করছে নির্বাচন কমিশন, জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল রাজধানীর আগারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের জন্য আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইসি সানাউল্লাহ বলেন, “কমিশনের পক্ষে এককভাবে সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। জাতির স্বার্থে ভালো নির্বাচনের জন্য সাংবাদিকদের নিজ নিজ দায়িত্ব সচেতনভাবে পালন করতে হবে। আগামী নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক পথযাত্রার একটি ‘টোন সেটিং’ হবে।”
তিনি আরও জানান, ভোটপ্রক্রিয়া পুনর্গঠনের পাশাপাশি এবার ভুয়া সাংবাদিকরা যেন কার্ড নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে না পারে, সেজন্য কিউ.আর. কোড স্ক্যানের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ভোটকেন্দ্রে ভোটের গতি নির্ধারণ করে জানান, এক ভোটার গড়ে ৩ মিনিট ৫২ সেকেন্ড সময় নেবেন।
একই অনুষ্ঠানে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “আমাদের সামনে নির্বাচন ও গণভোট আয়োজনের বিশাল কর্মযজ্ঞ। গণভোট নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকলেও উপদেষ্টা পরিষদের আলোচনায় সার্বিক বিষয়গুলো বিবেচনা করে ভোট দিতে হবে। কমিশন চেষ্টা করছে শতাব্দীর সেরা ভোট উপহার দিতে।”





