শুক্রবার, ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নরসিংদীতে জুয়েলারি ব্যবসায়ীকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

নরসিংদীর রায়পুরায় প্রাণতোষ কর্মকার (৪২) নামে এক জুয়েলারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

নিহত প্রাণতোষ কর্মকার দিঘলিয়াকান্দি গ্রামের সাধন সরকারের ছেলে এবং স্থানীয় নতুন বাজারের একজন জুয়েলারি ব্যবসায়ী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান, কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো পরিষ্কার নয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

নিহতের স্বজনরা জানান, রাত ৮টার দিকে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত দোকান ও লেনদেনের কথা বলে প্রাণতোষকে বাইরে ডাকেন। পরিবারের সদস্যদের সন্দেহ হলে তারা তাকে বাইরে যেতে নিষেধ করেন। তবুও দুর্বৃত্তরা কৌশলে তাকে বাইরে এনে বিদ্যালয় মাঠে নিয়ে যায়। এরপর কিছুক্ষণ পর তারা প্রাণতোষকে বুকে গুলি করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে দ্রুত রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক প্রাণতোষকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন