মঙ্গলবার, ৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারি মাসের ৮ থেকে ১২ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, ৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। তবে নির্দিষ্ট তারিখ ৮ ফেব্রুয়ারি থেকে এক-দুই দিন পরে বা ১২ ফেব্রুয়ারি থেকে এক-দুই দিন আগে হতে পারে। অর্থাৎ মধ্যবর্তী কোনো সময় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারির ৮ তারিখ রোববার এবং ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার হওয়ায়, মঙ্গলবারের দিকে সংসদ নির্বাচন হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

এদিকে, তফসিল আগামী সপ্তাহের রোববার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত কমিশন সভায় ঘোষণা করা হবে। সেখানে দু-তিন দিন সময় রেখে বা বৃহস্পতিবারের দিকে (১১ ডিসেম্বর) ভোটের তারিখ নির্ধারণ করা হতে পারে।

নির্বাচন কমিশনার জানান, যেহেতু গণভোট ও সংসদ নির্বাচন একদিনে হবে, তাই গোপন কক্ষের সংখ্যা বাড়ানো এবং ভোটের সময় এক ঘণ্টা বাড়িয়ে নয় ঘণ্টা করার কথা ভাবা হচ্ছে। এতে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট সাড়ে ৭টায় শুরু হতে পারে এবং বিকেল ৪টা পর্যন্ত চলা ভোট সাড়ে ৪টায় শেষ হতে পারে।

শেয়ার করুন