শুক্রবার, ২৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃত ৬৩১, উদ্ধার অভিযান অব্যাহত

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৬৩১ জনে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় এখনও উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকারীরা। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে মঙ্গলবার (২ ডিসেম্বর) বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মালাক্কা প্রণালিতে বিরল ঘূর্ণিঝড়ের প্রভাবে এই ভয়াবহ বন্যা হয়েছে। এতে প্রায় ১৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া প্রায় ৫০০ মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

ইন্দোনেশিয়ার পাশাপাশি বন্যা ও ভূমিধসে থাইল্যান্ড, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দেশগুলোতে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন।

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার আচেহ এবং পশ্চিম সুমাত্রা সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। সেখানকার হাজার হাজার মানুষ এখনও ইন্টারনেট ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছেন।

আরিনি আমালিয়া নামের এক নারী বিবিসিকে বলেছেন, বন্যার পানির স্রোত ‘সুনামির মতো ছিল। আমার দাদি বলেছেন, এমন বন্যা আগে কখনো দেখেননি। এটি ছিল ভয়াবহ, সবচেয়ে ভয়াবহ।’

রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকারীরা পায়ে হেটে এবং মোটরসাইকেল ব্যবহার করে সাধারণ মানুষকে উদ্ধার করছেন।

অনেক মানুষ এখনও খাদ্য সহায়তার জন্য অপেক্ষা করছেন। কেউ কেউ দুই থেকে তিনদিন ধরে না খেয়ে আছেন।

সুমাত্রার মধ্য তাপানুলির বাসিন্দা মায়শান্তি বিবিসিকে জানান, উদ্ধারকারীরা তার এলাকায় পৌঁছাতে পারছেন না। তিনি বলেন, “সবকিছু ভেসে গেছে। আমাদের খাবার ফুরিয়ে যাচ্ছে। আমরা খেতে পারছি না। এখন নুডলস নিয়েও মানুষ লড়াই করছে। আমাদের এখানে আসার রাস্তা পুরোপুরি বন্ধ। আমাদের খাবার এবং চাউল দরকার।”

শেয়ার করুন