জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জে জুলাই যোদ্ধা শহীদ শহীদ লতিফ ও সুমনের পরিবারের খোঁজ খবর, আর্থিক সহায়তা ও বিভিন্ন ধরনের খাবার দিলেন জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম।
আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জ পৌর শহরের একডালা মহল্লায় শহীদ লতিফ ও সুমনের বাড়িতে গিয়ে তাদের পরিবারের খোঁজ নেন তিনি।
এসময় দুই পরিবারকে আর্থিক সহায়তা, বিভিন্ন ধরনের ফল ও খাবার প্রদান করেন। শহীদ সুমনের বোনকে চাকরি ও শহীদ লতিফের পরিবারকে বসবাসের জন্য জায়গা বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। শহীদ পরিবারের যে কোন সমস্যায় পাশে থাকার কথাও জানান জেলা প্রশাসক।
জেলা প্রশাসকের সহায়তা পেয়ে শহীদ পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেলা প্রশাসক বলেন, যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তাদের পরিবারের প্রতি দায়িত্ব আমাদের সবার। প্রশাসন সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নাসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।





