বুধবার, ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মেক্সিকোতে বারের ভেতর গুলিবর্ষণ, নিহত ৭

ছবি: সংগৃহীত

মেক্সিকোর হিদালগো অঙ্গরাজ্যের তুলা শহরে একটি বারে বন্দুক হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন এবং পাঁচজনেরও বেশি আহত হয়েছেন।

 দৈনিক অবজারভার জানায়, দুটি পিকআপ ভ্যানে করে আসা সশস্ত্র হামলাকারীরা কোনো সতর্কতা ছাড়াই বারের ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই চারজন মারা যান। পরে তুলা ও তেপেখি শহরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।

হামলার পরপরই হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে। ফেডারেল ও রাজ্য নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে অভিযান চালালেও এখন পর্যন্ত কেউ আটক হয়নি।

হিদালগো কর্তৃপক্ষ জানিয়েছে, তুলা অঞ্চলটি দীর্ঘদিন ধরে জ্বালানিচোরাচালানকারীদের সক্রিয় অপরাধী চক্রের জন্য কুখ্যাত। সম্প্রতি এক কার্টেল নেতাকে গ্রেফতারের পর প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর উত্তেজনা বেড়ে গেছে—এ হামলার পেছনে সেটিই মূল কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন