জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের শাহজাদপুরে স্কুলে যাওয়ার পথে মাটিবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় সাবিনা খাতুন (৪২) নামে এক স্কুল শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার গাড়াদহ ইউনিয়নের বকুলতলা আনসার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাবিনা খাতুন কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং চিনাধুকুরিয়া গ্রামের সোলাইমান সরকারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অটোভ্যানে করে ৮ বছরের ছেলেকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের উদ্দেশে যাচ্ছিলেন শিক্ষিকা সাবিনা। বকুলতলা আনসার মোড়ে পৌঁছালে বিপরীতমুখী একটি মাটিবাহী ড্রাম ট্রাক অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে সাবিনা খাতুন ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, “ঘটনাটি দুঃখজনক। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





