বিনোদন অঙ্গনে নতুন করে শুরু হয়েছে অভিনেত্রী সমান্থা রুথ প্রভুকে ঘিরে বিয়ের গুঞ্জন। দক্ষিণী তারকার ব্যক্তিগত জীবনে আগেই বিচ্ছেদের অভিজ্ঞতা রয়েছে। এবার জোরালো দাবি উঠেছে প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের দ্বিতীয় বিয়ের পর খুব শিগগিরই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সমান্থা। বলিউড-দক্ষিণী মহলে খবর, সমান্থার সম্ভাব্য জীবনসঙ্গী হিসেবে আলোচনায় রয়েছেন ‘ফ্যামিলি ম্যান ৩’-এর অন্যতম নির্মাতা রাজ নিদিমোরু। শোনা যাচ্ছে, কোয়েম্বত্তূরের ঈশা ফাউন্ডেশন প্রাঙ্গণে তাঁদের বিয়ে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে বিষয়টি কেউ-ই স্বীকার করেননি।

গত কয়েক মাস ধরে সমান্থা ও রাজকে একসঙ্গে বিভিন্ন স্থানে দেখা গেছে। কখনও তিরুপতি মন্দিরে প্রার্থনা করতে, কখনও বা বিমানে পাশাপাশি বসে থাকা তাঁদের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নিজের ইনস্টাগ্রামেও রাজের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। এসব দেখে অনেকে ধারণা করছেন দু’জনের মধ্যে সম্পর্ক বেশ গভীর পর্যায়ে পৌঁছেছে।
এদিকে, এই সম্ভাব্য বিয়ের খবর পৌঁছতেই মুখ খুলেছেন রাজ নিদিমোরুর প্রাক্তন স্ত্রী শ্যামলী। তিনি এক প্রতিক্রিয়ায় বলেছেন, “কিছু মানুষ খুব আবেগপ্রবণ সিদ্ধান্ত নেন, যা ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে।” তাঁর কথায় স্পষ্টই বোঝা যাচ্ছে, রাজের ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় নিয়ে তিনি মোটেই খুশি নন।

সূত্রের দাবি, ১ ডিসেম্বরই নাকি রাজ ও সমান্থার বিয়ের অনুষ্ঠান হতে পারে। তবে সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করলে সমান্থা কিংবা রাজ কেউ-ই এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ফলে গুঞ্জনের সত্যতা নিয়ে এখনও প্রশ্ন থেকেই যাচ্ছে।
তবে বিনোদন দুনিয়ার হিসাব বলছে নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সমান্থাকে নিয়ে নতুন সম্পর্কের আলোচনা আরও জোর পেয়েছে। এখন দেখা বাকি, রাজ-সমান্থার বিষয়ে আদৌ আনুষ্ঠানিক ঘোষণা আসে কি না।





