ছবি: সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে ছড়িয়ে পড়া মৃত্যুর গুজব সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলের সিনেটর খুররম জিশান স্পষ্ট করে বলেছেন, “ইমরান খান বেঁচে আছেন, এবং তিনি বর্তমানে আদিয়ালা কারাগারেই আছেন।”
তিনি অভিযোগ করেন, ইমরান খানকে দেশ ছাড়তে বাধ্য করা ও চুপ করিয়ে রাখার চাপ দেওয়ার অংশ হিসেবেই তাকে দীর্ঘদিন ধরে ‘আইসোলেশনে’ রাখা হচ্ছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেয়া সাক্ষাৎকারে সিনেটর জিশান বলেন, “সরকার ইমরান খানের জনপ্রিয়তায় আতঙ্কিত। তাই তার কোনও ছবি বা ভিডিও প্রকাশ হতে দিচ্ছে না।”
সম্প্রতি আফগানিস্তানের কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দাবি করে যে রাওয়ালপিন্ডিতে তাকে হত্যা করা হয়েছে—এমন গুজব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে এসব তথ্যকে সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছেন জিশান।
তিনি বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক যে প্রায় এক মাস ধরে তিনি সম্পূর্ণ আইসোলেশনে। পরিবার, আইনজীবী, এমনকি পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতাদেরও দেখা করতে দেয়া হয়নি। এটি মানবাধিকারের প্রকাশ্য লঙ্ঘন। মনে হচ্ছে তাকে চাপ দিয়ে কিছু করাতে চাইছে সরকার।”
গুজবের অবসান টেনে তিনি যোগ করেন, “আমাদের নিশ্চিত করা হয়েছে—তিনি বেঁচে আছেন এবং ঠিক আছেন।”
ইমরান খানের সঙ্গে সরকারের সম্ভাব্য চুক্তি বিষয়ে জিশান জানান, তাকে দেশ ছাড়ার বিনিময়ে নীরব থাকার শর্ত দেওয়া হচ্ছে।
তিনি বলেন, “সরকার তাকে দেশ ত্যাগে রাজি করাতে চাইছে। তারা প্রতিশ্রুতি দিয়েছে—যদি তিনি চুপ থাকেন, তাহলে তার পছন্দমতো দেশে যেতে পারবেন। কিন্তু ইমরান খান যেভাবে নীতিতে অটল—এমন প্রস্তাবে তিনি কখনোই রাজি হবেন না।”





