মঙ্গলবার, ৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়াকে এখন বিদেশে নেয়ার মতো অবস্থা নেই : মির্জা ফখরুল

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নেত্রী বর্তমানে হাসপাতালে অত্যন্ত সঙ্কটাপন্ন অবস্থায় রয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) গুলশানে এক ব্রিফিংয়ে মির্জা ফখরুল এই তথ্য জানান।

মহাসচিব জানান, যুক্তরাষ্ট্র ও লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকরা বোর্ড সভার মাধ্যমে নেত্রীর অবস্থার মূল্যায়ন করেছেন। প্রাথমিকভাবে বিদেশে নেওয়ার প্রয়োজন হতে পারে, তবে এখনই তা সম্ভব নয়।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

মির্জা ফখরুল জনগণ ও দলের নেতাকর্মীর কাছে দোয়া চেয়ে বলেন, তারা নেত্রীর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করবেন।

অন্যদিকে তিনি হাসপাতালের পরিবেশে ভিড় না করারও আবেদন জানান। তিনি বলেন, “বেগম জিয়ার অসুস্থতার খবরে মানুষ উদ্বিগ্ন হয়ে হাসপাতালে ভিড় করছেন। এতে হাসপাতালের চিকিৎসক ও কর্তৃপক্ষের কাজের ওপর প্রভাব পড়ছে। আমি সকলের কাছে অনুরোধ জানাই, কেউ হাসপাতালে ভিড় করবেন না।”

মহাসচিব নিশ্চিত করেন, খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত আপডেট সময়মতো জানানো হবে।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন ফেসবুক পোস্টে জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থায় সামান্য উন্নতি হলে তার পরিবার তাকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেয়ার পরিকল্পনা করেছেন। এ লক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থারও উদ্যোগ নেওয়া হচ্ছে।

শেয়ার করুন