শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে ‘অপারেশন ফার্স্ট লাইট : বিদেশি অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৭২

অপু দাস ( স্টাফ রিপোর্টার ):
রাজশাহীতে চালানো ‘অপারেশন ফার্স্ট লাইট’–এর তৃতীয় ধাপের বিশেষ অভিযানে মোট ৭২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, অস্ত্রধারীদের সহযোগী এবং সন্দেহভাজন নাশকতাকারীও রয়েছে। অভিযানে দেশি–বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান অভিযানের বিস্তারিত তুলে ধরেন।

তিনি জানান, নাটোরের নলডাঙা ও সিংড়া এবং পাবনার ঈশ্বরদী এলাকায় শুক্রবার ভোর থেকে গভীর রাত পর্যন্ত যৌথ অভিযান চালানো হয়। তিন জেলার পুলিশ, ডিবি এবং বিশেষ শাখাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট এতে অংশ নেয়।
ডিআইজির ভাষায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সহিংসতামুক্ত করতে ক্ষেত্র প্রস্তুত করাই ছিল এই অভিযানের প্রধান লক্ষ্য। একই সঙ্গে দীর্ঘদিন ধরে চলমান সন্ত্রাস, মাদক পাচার, অবৈধ অস্ত্র ব্যবসা ও চাঁদাবাজির নেটওয়ার্ক ভেঙে দেওয়া ছিল আমাদের উদ্দেশ্য।”
তিনি আরও জানান, ‘অপারেশন ফার্স্ট লাইট’-এর তিনটি ধাপ শেষ হলেও অভিযান থেমে নেই। বিশেষ করে চরাঞ্চলসহ ঝুঁকিপূর্ণ এলাকায় যে কোনো সময় অভিযান পরিচালনা করা হবে। সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
পুলিশের দাবি, এই ধাপের অভিযান অঞ্চলজুড়ে নিরাপত্তা জোরদার করেছে এবং ভবিষ্যতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শেয়ার করুন