মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি তাঁর পূর্বসূরী জো বাইডেনের অধীনে জারি করা সব নির্বাহী আদেশ বাতিল করছেন, যেগুলি তিনি মনে করেন অটোপেন ব্যবহার করে স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) তিনি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে এই ঘোষণা দেন।
শনিবার (২৯ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়।
এই প্রেসিডেন্টের ধারণা, বাইডেনের বেশিরভাগ নির্বাহী আদেশ অটোপেনের মাধ্যমে কার্যকর করা হয়েছে। অটোপেন এমন একটি যন্ত্র যা কারও স্বাক্ষর হুবহু অনুকরণ করতে পারে।
ট্রাম্প লিখেছেন, ‘ঘুমকাতুরে জো বাইডেনের অটোপেন দ্বারা স্বাক্ষরিত যেকোনো নথি, যা প্রায় ৯২ শতাংশ তা বাতিল করা হচ্ছে। এগুলোর আর কোনো কার্যকরতা বা প্রভাব থাকবে না।’
তিনি দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, জানুয়ারিতে পদভার গ্রহণের সময় বাইডেনের বয়স ৮২ বছর ছিল এবং তার মানসিক ও শারীরিক অবস্থার কারণে তিনি নির্বাহী অফিসের নিয়ন্ত্রণে পুরোপুরি ছিলেন না।
৭৯ বছর বয়সি ট্রাম্প শুক্রবারের পোস্টে বিষয়টি পুনর্ব্যক্ত করেন এবং ডেমোক্র্যাটরা যদি এ দাবি অস্বীকার করে, তবে বাইডেনকে বিচারের মুখোমুখি করার হুমকি দিয়েছেন। তিনি বলেন, ‘আমি সমস্ত নির্বাহী আদেশ বাতিল করছি, এমনকি যেসব আদেশ সরাসরি বাইডেন স্বাক্ষর করেননি, কারণ যারা অটোপেন ব্যবহার করেছিলেন তারা তা অবৈধভাবে সম্পন্ন করেছেন।’
হোয়াইট হাউসে বহু বছর ধরে অটোপেন এবং অনুরূপ স্বাক্ষর যন্ত্র ব্যবহার হয়ে আসছে। এমনকি ১৯ শতকের শুরুতে তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট থমাস জেফারসনের সময়েও এর ব্যবহার দেখা গেছে। ট্রাম্প নিজেও তার প্রেসিডেন্টের প্রথম মেয়াদে এ যন্ত্র ব্যবহার করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ডেমোক্র্যাটিক পূর্বসূরীদের মধ্যে, বিশেষ করে বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তার সম্পর্ক উত্তেজনাপূর্ণ। ট্রাম্প বিশেষভাবে বাইডেনকে তার বয়স এবং ক্ষমতায় থাকার সময় অটোপেন ব্যবহারের জন্য ট্রোল করেছেন। চলতি বছরের শুরুতে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ‘প্রেসিডেনশিয়াল ওয়াক অব ফেম’ স্থাপন করার সময় তিনি বাইডেনের প্রতিকৃতি সরিয়ে সেই জায়গায় অটোপেনের ছবি স্থাপন করেছিলেন।





