মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ বছরের প্রেম, ২৫ বছরের দাম্পত্য: অজয়-কাজলের উষ্ণ সম্পর্কের গল্প

বলিউড জুটি কাজল ও অজয় দেবগনের সম্পর্ক আজ ২৮ বছরের। ১৯৯৭ সালে ‘ইশ্‌ক’ ছবিতে প্রথম জুটি বাঁধার পরেই তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। এই দীর্ঘ সময়ের সম্পর্ক এখনো প্রেমে ভরা এবং বিনোদন জগতের অনুরাগীদের কাছে মিষ্টি জুটির উদাহরণ হয়ে আছে।সম্প্রতি অজয় দেবগন সামাজিকমাধ্যমে ‘ইশ্‌ক হুয়া’ গানের সঙ্গে তিনটি আলাদা ছবি শেয়ার করেন। প্রথম ছবিতে গানটির প্রথম লাইন ‘ইশ্‌ক হুয়া’ লিখে নিজের সঙ্গে কাজলের ছবি পোস্ট করেন। দ্বিতীয় ছবিতে ‘ক্যায়সে হুয়া’ লাইনের সঙ্গে তাদের বিয়ের মুহূর্তের ছবি দেখা যায়। আর শেষ ছবিতে ‘আচ্ছা হুয়া’ লিখে ছেলেমেয়ে সমেত পরিবারের একটি ছবি প্রকাশ করেন।

এই পোস্ট দেখে কাজল মন্তব্য করেন, ‘‘সবই হয়েছে, কিন্তু তুমি তো পোষ্যের কথা ভুলে গেলে।’’ তার খুনসুটিতে ভরা এই মন্তব্যে নেটিজেনরা তাদের প্রেমময় সম্পর্ককে আরও উষ্ণভাবে দেখেছেন। অনেকেই লিখেছেন, এ ধরনের সম্পর্ক সত্যিই মিষ্টি ও প্রেরণাদায়ক। তবে কিছু অনুরাগী কাজলের মন্তব্যকে ব্যঙ্গাত্মক দৃষ্টিকোণ থেকেও দেখেছেন। এর কারণ অজয় দেবগনের একটি পুরনো সাক্ষাৎকার, যেখানে তিনি বর্তমান প্রজন্মের প্রেমকে ‘গা-ছাড়া’ উল্লেখ করেছিলেন।

তিনি দাবি করেছিলেন, আজকের সময়ের প্রেমে গভীরতা কম। তাঁদের সময়ে প্রেম ছিল গভীর, শক্তিশালী এবং আবেগপূর্ণ। ওই সাক্ষাৎকারে অজয় আরও জানান, বর্তমানে তিনি মূলত পোষ্যদের প্রতি শর্তহীন ভালোবাসা অনুভব করতে পারেন। তিনি বলেন, “ভালোবাসা পাওয়ার অনুভূতি এক বিশেষ ধরনের শান্তি দেয়। আমরা যখন প্রেমে পড়তাম, সেই অনুভূতি খুবই শক্তিশালী হত। আমি চাই নতুন প্রজন্মও তা অনুভব করুক। বর্তমানে ওই মাপের ভালোবাসা শুধুমাত্র পোষ্যদের প্রতি হয়, যা শর্তহীন।”

এবার অনেক অনুরাগীর মনেও প্রশ্ন জাগছে—অজয়ের সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় কি কাজল এভাবে খোঁচা দিলেন? এই মুহূর্তে অবশ্য তাদের সম্পর্কের উষ্ণতা ও মিষ্টতা সবার নজর কাড়েছে।

শেয়ার করুন