বুধবার, ৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকায় চলছে ইসির মক ভোটিং

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকায় ‘মক ভোটিং’ আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার সকাল ৮টা থেকে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে শুরু হওয়া ভোটের এ মহড়া চলবে বেলা ১২টা পর্যন্ত। নারী-পুরুষ মিলে মোট ৫১০ জন ভোটার এতে অংশ নিচ্ছেন।

সকাল ৮টায় কেন্দ্র পরিদর্শনে এসে ইসি সচিব আখতার আহমেদ বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট যেহেতু একই দিনে হবে, তাই পুরো প্রক্রিয়া আরও দক্ষভাবে সম্পন্ন করতে আগেই অভিজ্ঞতা ঝালাই করা হচ্ছে। কেন্দ্রের ভেতরে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। নারী ও পুরুষের জন্য আলাদা ভোটকক্ষ রাখা হয়েছে।

এই মক ভোটিংয়ে প্রবীণ ভোটার, বস্তিবাসী, শিক্ষার্থী, হিজড়া, প্রতিবন্ধী ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) প্রকল্পের ভোটাররা অংশ নিচ্ছেন। পোস্টাল ব্যালটেও ভোট দেওয়ার ব্যবস্থা রয়েছে।

‘মক ভোটিংয়ে’ রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে আছেন ঢাকার আঞ্চলিক কর্মকর্তা। সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছেন দুজন। ইসির নিজস্ব কর্মীদের মধ্য থেকে ছয়জন প্রিজাইডিং কর্মকর্তা এবং পাঁচটি কক্ষে ১০ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। পোলিং এজেন্ট হিসেবে রয়েছেন ২০ জন কর্মকর্তা।

মহড়ার সময় কেন্দ্রে পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করছে পুলিশ। সাংবাদিক ও পর্যবেক্ষকদের প্রবেশ নিয়ন্ত্রণে কিউআর (কুইক রেসপন্স) পদ্ধতি অনুসরণ করা হয়েছে।

ভেতরে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। নারী ও পুরুষের জন্য আলাদা ভোটকক্ষ রয়েছে।

ভোট দেওয়া এক নারী জানান, সংসদ নির্বাচনে সাদা ব্যালটে কালো মার্কা ব্যবহার করা হয়েছে। আর গণভোটের জন্য গোলাপি ব্যালটে হ্যাঁ এবং না—উভয় বিকল্প রয়েছে, যেখানে টিক বা ক্রস চিহ্ন দেওয়া যায়। সিল দেওয়ার পুরো প্রক্রিয়ায় তার এক মিনিট সময় লেগেছে।

শেয়ার করুন