সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পাঁচ ব্যাংকের গ্রাহকরা টাকা না পেলে ৭ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক ঘেরাও করার ঘোষণা

পাঁচ ব্যাংকের গ্রাহকরা তাদের জমা অর্থ ফেরত না পেলে আগামী ৭ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক ঘেরাও করার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে নতুন গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধনে এই ঘোষণা আসে। তারা অভিযোগ করেন, মাসের পর মাস জমানো টাকা তুলে নিতে পারছেন না, ফলে জীবন যাপন হয়ে উঠেছে দারিদ্র্য ও দুর্বিষহ।

সায়মা আহমেদ, যিনি দশ বছর ধরে ব্যাংকে টাকা রেখেছেন, জানান, আগামী জানুয়ারিতে তার ছোট মেয়েকে স্কুলে ভর্তি করানোর পরিকল্পনা রয়েছে। পড়াশোনার খরচ ও পরিবারের বয়স্ক সদস্যের চিকিৎসার জন্য প্রয়োজনীয় টাকা জোগাড় করতে না পারায় তিনি মানববন্ধনে অংশ নিয়েছেন।

সায়মা বলেন, “পরিশ্রম করে টাকা অর্জন করেছি। আমি কারো কাছ থেকে ভিক্ষা চাইনি। এটা আমার টাকা, যা কষ্টে জমিয়েছি।”

একই মানববন্ধনে দাঁড়িয়ে মোস্তফা কামাল বলেন, “গত ১৫ বছর কষ্টার্জিত টাকা ব্যাংকে রেখেছি, কিন্তু এখন তা তুলতে পারছি না। ব্যাংকে গেলে আমার সঙ্গে দুর্ব্যবহার হচ্ছে।”

মানববন্ধনে অংশ নেওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে আসা পাঁচ ব্যাংকের গ্রাহকরা তাদের অসহায়ত্ব প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার ন্যূনতম অধিকারও বঞ্চিত হচ্ছেন, এবং জমা অর্থ তুলতে গিয়ে ব্যাংকে নিয়মিত অপমানিত হচ্ছেন। ফলে গ্রাহকরা এবার ৪ ডিসেম্বরের মধ্যে তাদের টাকা ফেরত দেয়ার দাবি জানিয়েছেন।

এর আগে ৯ নভেম্বর, পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ নামে একটি নতুন রাষ্ট্রীয় ব্যাংক গঠনের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

শেয়ার করুন