হংকংয়ের উত্তরাঞ্চলে ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১২৮-এ পৌঁছেছে, পাশাপাশি কমপক্ষে ২০০ বাসিন্দার সন্ধান মেলেনি।
রয়টার্সের রিপোর্টে বলা হয়, বুধবার (২৬ নভেম্বর) বিকেলে তাই পো জেলার ৩২ তলা উচ্চতার ৮টি ভবনসমৃদ্ধ কমপ্লেক্সে আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই পুরো কমপ্লেক্সে আগুন ছড়িয়ে পড়ে এবং প্রায় দুই দিনের প্রচেষ্টায় শুক্রবার এটি নিয়ন্ত্রণে আসে।
হংকংয়ের নিরাপত্তা প্রধান ক্রিস ট্যাং সংবাদ সম্মেলনে জানান, ভবনের ভেতরে আরও তল্লাশি চালালে মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। নিহতদের মধ্যে এখন পর্যন্ত ৩৯ জনের পরিচয় নিশ্চিত করা গেছে। আগুন লাগার সময় ফায়ার অ্যালার্ম সঠিকভাবে কাজ করেনি।
উদ্ধার কাজের সময় ১২ জন দমকলকর্মীসহ মোট ৭৯ জন আহত হন। কমপ্লেক্সে ৪৬০০-এর বেশি মানুষ বসবাস করত; সংস্কারকাজের জন্য এটি বাঁশের কাঠামো ও সবুজ জালে ঘেরা ছিল। পুলিশের ধারণা, নির্মাণকাজে অনিয়ম ও অনিরাপদ সামগ্রী ব্যবহারের কারণে অগ্নিকাণ্ড ঘটতে পারে। ঘটনার জন্য তিনজন নির্মাণ কোম্পানির কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
১৯৪৮ সালে হংকংয়ের একটি গুদামে আগুন লেগে ১৭৬ জন নিহত হওয়ার পর এটি শহরের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড।





