ওয়াশিংটনে হোয়াইট হাউজের কাছে হামলায় গুলিবিদ্ধ হওয়া দুই ন্যাশনাল গার্ড সদস্যের একজন বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অন্যজন জীবন–সংকটাপন্ন অবস্থায় আছেন। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।
তদন্তকারীরা জানিয়েছেন, বুধবারের এই হামলাটি চালিয়েছে এক আফগান নাগরিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটনাটিকে বাইডেন প্রশাসনের অভিবাসন যাচাই–ব্যবস্থার ব্যর্থতা হিসেবে উল্লেখ করে আশ্রয়প্রার্থীদের বিষয়ে ব্যাপক তদন্তের নির্দেশ দিয়েছেন।
২৯ বছর বয়সি সন্দেহভাজন রহমানউল্লাহ লাকানওয়াল গাড়ি চালিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে ওয়াশিংটনে পৌঁছে হোয়াইট হাউজের নিকটে টহলরত ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর হামলা চালান।
ট্রাম্প জানান, ২০ বছর বয়সি গার্ড সদস্য সারা বেকস্ট্রম মারা গেছেন এবং ২৪ বছর বয়সি অ্যান্ড্রু উলফ গুরুতর আহত অবস্থায় রয়েছেন। কর্মকর্তারা বলেন, বুধবারের এই গুলিবর্ষণ সন্ত্রাসবাদ–সংশ্লিষ্ট কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
নিহত বেকস্ট্রমের বাবা গ্যারি বেকস্ট্রম সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন—তার মেয়ে আর বেঁচে নেই এবং পরিবারটি একটি ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।
হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, পরে ট্রাম্প নিহত সদস্যের বাবা–মায়ের সঙ্গে ফোনে কথা বলেন।
থ্যাংকসগিভিং উপলক্ষে মার্কিন সামরিক সদস্যদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, রাজধানীতে ঘটে যাওয়া এ হামলা পুরো জাতিকে ব্যথিত করেছে। তার ভাষায়, “এক নিষ্ঠুর হামলাকারী ওয়েস্ট ভার্জিনিয়ার ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে লক্ষ্য করে গুলি চালিয়েছে”।
এফবিআই তদন্তের অংশ হিসেবে একাধিক স্থানে তল্লাশি চালিয়েছে, যার মধ্যে রয়েছে সন্দেহভাজনের সঙ্গে সংশ্লিষ্ট ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি বাড়ি। কর্মকর্তারা জানান, লাকানওয়াল আফগানিস্তানে সিআইএ–সমর্থিত একটি ইউনিটে ছিলেন এবং ২০২১ সালে পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন।
এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানান, তদন্তে সন্দেহভাজনের বাড়ি থেকে বেশ কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস—মোবাইল ফোন, ল্যাপটপ ও আইপ্যাড—জব্দ করা হয়েছে এবং তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ট্রাম্প প্রশাসনের দাবি, বাইডেন আমলে অসংখ্য আফগান নাগরিক পর্যাপ্ত যাচাই–বাছাই ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে—যদিও এ বিষয়ে তিনি নির্দিষ্ট প্রমাণ দেননি। তার মতে, এ হামলা দেখিয়েছে, দেশের নিরাপত্তা রক্ষায় বিদেশি নাগরিকদের প্রবেশ ও অবস্থান সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি।





