শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্ধুকে হত্যা করে কুড়াল হাতে থানায় আত্মসমর্পণ

ময়মনসিংহের ত্রিশালে এক যুবক নিজের বন্ধুকে হত্যা করে ধারালো কুড়ালসহ থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে এ ঘটনা ঘটে।

নিহত মুনতাসীর ফাহিম (২২) ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের বাদল মিয়ার ছেলে। মালয়েশিয়ায় পড়াশোনা করতেন তিনি। চার মাস আগে দেশে ফেরেন এবং আগামী ২৫ ডিসেম্বর তাঁর ফেরার ফ্লাইট ছিল।

আত্মসমর্পণকারী অহিদুল ইসলাম অনিক ত্রিশাল পৌরসভার দরিরামপুর এলাকার জহিরুল ইসলামের ছেলে। ফাহিম ও অনিক দীর্ঘদিনের বন্ধু ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, রাতে নজরুল একাডেমির ভোকেশনাল শাখার দক্ষিণ পাশে পানি ট্যাংকির কাছে ফাহিমের ওপর ধারালো কুড়াল দিয়ে হামলা করেন অনিক। ফাহিম ঘটনাস্থলেই মারা যান। রাত ৯টার দিকে অনিক কুড়াল হাতে নিয়েই ত্রিশাল থানায় উপস্থিত হয়ে ডিউটি অফিসারকে হত্যার কথা জানায়। এরপর পুলিশ তাকে হেফাজতে নেয় এবং তার দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থল থেকে ফাহিমের মরদেহ উদ্ধার করা হয়।

ফাহিমের নানি মাকসুদা আক্তার জানান, ফাহিম পৌর এলাকার হাসপাতালের পেছনে ভাড়া বাসায় থাকত। অনিক প্রায়ই তাকে ডেকে নিয়ে যেত। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে ফাহিমকে হত্যা করা হয়েছে এবং ঘটনার সঠিক বিচার চান।

ত্রিশাল থানার ওসি মো. গোলাম মুস্তফা রুবেল বলেন, অনিক থানায় এসে হত্যার কথা স্বীকার করেছেন। প্রাথমিকভাবে ব্যক্তিগত বিরোধ থেকে হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে এবং অনিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন