রাস্তাঘাট থেকে সোশ্যাল মিডিয়া—সব জায়গাতেই নারী হেনস্তার ঘটনা প্রায়ই সামনে আসে। এমন ঘটনার পর পোশাক নিয়ে কটাক্ষ, স্কার্টের দৈর্ঘ্য থেকে শাড়ির আঁচল পর্যন্ত নানা মন্তব্য ছোড়া—এসব নতুন কিছু নয়। এ নিয়েই এবার মুখ খুললেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন।
কয়েক সপ্তাহ আগেই নিজের শারীরিক গড়ন ও পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটূক্তির শিকার হয়েছিলেন তিনি। ওজন নিয়ে সমালোচনা, পোশাক নিয়ে নানা মন্তব্য—সবই শুনতে হয়েছে তাকে। সেই অভিজ্ঞতা থেকেই আরও শক্ত অবস্থান নিলেন ঐশ্বরিয়া। নারী হেনস্তা নিয়ে তিনি দিলেন স্পষ্ট বার্তা।
সম্প্রতি একটি আন্তর্জাতিক প্রসাধনী ব্র্যান্ডের ইভেন্টে তাঁকে প্রশ্ন করা হয়—রাস্তায় হেনস্তার মুখোমুখি হলে নারীরা কী করবেন? জবাবে তিনি বলেন, “হেনস্তাকারীর চোখ এড়িয়ে গেলে চলবে না। বরং তার চোখের দিকেই তাকান। মাথা উঁচু করে হাঁটুন।”
নারীদের উদ্দেশে তার আরও পরামর্শ—
“নিজের শরীর নিজের সম্পদ—এ কথা ভুলবেন না। আত্মবিশ্বাসই সবচেয়ে বড় শক্তি। প্রয়োজন হলে নিজের জন্য নিজেই দাঁড়াবেন। কিন্তু কোনো অবস্থাতেই পোশাক বা লিপস্টিকের রঙকে দোষ দেবেন না। হেনস্তার জন্য নারী কখনো দায়ী নন।”





