প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জয়ের সুযোগ ছিল পর্তুগাল ও অস্ট্রিয়া—দুই দলেরই। তবে ইতিহাস গড়ল পর্তুগালই। অস্ট্রিয়াকে ১–০ গোলে হারিয়ে তরুণরা তুলে নিয়েছে কাঙ্ক্ষিত শিরোপা।
কাতারের খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই দুই দল আক্রমণ–প্রতিআক্রমণে ব্যস্ত ছিল। তবে বল দখল ও সুযোগ সৃষ্টিতে এগিয়ে ছিল পর্তুগালই। প্রথমার্ধেই আসে ম্যাচের একমাত্র গোল।
৩২তম মিনিটে ডানদিক থেকে কুনহার বাড়ানো নিখুঁত পাস পেয়ে বাঁ-পায়ের আলতো শটে গোল করেন আনিসিও কাব্রাল। তার গোলে ১–০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় পর্তুগাল। বিরতির আগেই ব্যবধান বাড়ানোর মতো সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি তারা।
দ্বিতীয়ার্ধের বেশ কয়েকটি সুযোগ তৈরি করে ম্যাচে ফিরতে চেষ্টা করে অস্ট্রিয়া। কিন্তু পর্তুগালের দৃঢ় রক্ষণভাগ বারবার তাদের আটকে দেয়। হোপম্যানের দূরপাল্লার শট কিংবা নুদুকের হেড—কোনোটিই লক্ষ্যে পৌঁছায়নি।
শেষ পর্যন্ত কাব্রালের একমাত্র গোলই শিরোপা এনে দেয় পর্তুগালকে। প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের স্বাদ পেল রোনালদোর উত্তরসূরিরা।





