বুধবার, ৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ত্রয়োদশ সংসদ নির্বাচন: তিন ধাপে নিরাপত্তা মোতায়েন পরিকল্পনা ইসির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তিন ধাপে মাঠে নামানোর পরিকল্পনার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিভিন্ন আইন-শৃঙ্খলা সংস্থার সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, নিরাপত্তাব্যবস্থায় স্থায়ী মোতায়েন, মোবাইল টিম এবং কেন্দ্রীয় রিজার্ভ বাহিনীর সমন্বয়ে বিস্তৃত ব্যবস্থা গড়ে তোলা হবে।

আখতার আহমেদ জানান, স্থায়ী বা স্ট্যাটিক মোতায়েনের আওতায় ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তাকর্মীরা অবস্থান করবেন। এর পাশাপাশি বিভিন্ন এলাকায় স্থায়ী ও অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হবে। তিনি বলেন, মোবাইল চেকপোস্ট এমনভাবে কাজ করবে—যে একটি স্থানে চেকিং চালানোর পর কয়েক কিলোমিটার দূরে গিয়ে আবার একই কার্যক্রম হবে। এটি স্থায়ী মোতায়েনেরই একটি গতিশীল রূপ। পাশাপাশি মোবাইল ইউনিট বিভিন্ন এলাকায় টহলের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

তবে মোবাইল ইউনিটের দায়িত্বে থাকা একটি টিম কতটি ভোটকেন্দ্র দেখভাল করবে, তা এখনো নির্দিষ্ট হয়নি বলে জানান তিনি। সংশ্লিষ্ট বাহিনী তাদের বিবেচনায় ভৌগোলিক অবস্থা, সড়ক ও যোগাযোগ ব্যবস্থা বিশ্লেষণ করে বিষয়টি ঠিক করবে। কেন্দ্রীয় রিজার্ভ বাহিনীকে প্রধান সহায়ক শক্তি হিসেবে প্রস্তুত রাখা হবে, যারা প্রয়োজনীয় মুহূর্তে দ্রুত ব্যবস্থা নেবে। স্থায়ী মোতায়েন, মোবাইল দায়িত্ব এবং কেন্দ্রীয় রিজার্ভ—এই তিন ব্যবস্থার কাঠামো পূর্বেই নির্ধারিত থাকবে এবং আইন-শৃঙ্খলাবাহিনী নিজেদের মতো করে তা প্রয়োগের পরিকল্পনা সাজাবে। এ ছাড়া প্রচলিত স্ট্রাইকিং ফোর্সও মাঠে থাকবে, যাদের দ্রুত অভিযান পরিচালনা ও প্রয়োজনীয় প্রতিরোধ গড়ে তোলার সক্ষমতা রয়েছে।

ইসি সচিব বলেন, আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে বৈঠকে সার্বিক প্রস্তাবনা আলোচনা করা হয়েছে। প্রয়োজনে পরে বিভিন্ন বাহিনীর সঙ্গে আলাদাভাবে ছোট পরিসরের বৈঠকও করা হবে। তিনি জানান, নির্বাচনকালে নিরাপত্তা ব্যবস্থার সরাসরি দায়িত্বে থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা নীতিমালা ও দিকনির্দেশনা দেবে—কীভাবে দায়িত্ব পালন করতে হবে, কোন বিষয়গুলো অনুসরণ করতে হবে ইত্যাদি। আর নির্বাচন কমিশন সামগ্রিক সমন্বয় ও তদারকির কাজ দেখবে।

তিনি আরও বলেন, নির্বাচন ভবনে একটি পর্যবেক্ষণ সেল গঠনের পরিকল্পনা রয়েছে। এই সেলের সঙ্গে বিভিন্ন আইন-শৃঙ্খলা সংস্থার প্রতিনিধিরা যুক্ত থাকবেন। তবে সেল কত বড় হবে এবং কোন বাহিনী কতজন প্রতিনিধি দেবে, তা এখনো চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রতিনিধির সংখ্যা নির্ধারণ করলে সেই অনুযায়ী ইসি সমন্বয় করবে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্যান্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিবালয়ের কর্মকর্তারা এবং সব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন