ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জয়ন শহরে নির্মাণ কাজ চলাকালীন আহত হওয়া এক কোবরা সাপের জীবন রক্ষা করতে চিকিৎসকরা দুই ঘণ্টা ধরে জটিল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে বিক্রম নগর শিল্পাঞ্চলে খনন কাজ চলাকালীন সাপটি আহত হয়।
সাধারণত সাপকে দেখলে আতঙ্কিত মানুষ হত্যা বা তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে থাকে, এমন পরিস্থিতিতে এই উদ্ধার ও চিকিৎসা উদ্যোগটি এক বিরল ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, খননের সময় একটি জেসিবি মেশিনের আঘাতে মারাত্মকভাবে আহত হয় সাপটি। মাথা ও দেহের চামড়া ছিঁড়ে রক্তাক্ত অবস্থায় কোবরা চারপাশে ছুটোছুটি করতে থাকে। প্রথমে উপস্থিত লোকজন আতঙ্কে মাটির কাদা ছুঁড়ে সাপটির দিকে নিক্ষেপ করলেও পরে স্থানীয়ভাবে ‘সাপবন্ধু’ নামে পরিচিত রাহুল ও মুকুলকে খবর দেন।
রাহুল ও মুকুল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত কোবরাটিকে নিরাপদে ধরে উদয়ন মার্গের পশু হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রধান চিকিৎসক মুকেশ জৈন ও সহকারী চিকিৎসক রামকন্যা গৌরব, রবি রাথোড় এবং প্রশান্ত পরীক্ষার পর দেখেন, সাপটির মাথা ও পিঠে গভীর ক্ষত এবং শরীরের কিছু অংশের চামড়া উঠে গেছে।
গুরুতর অবস্থা দেখে চিকিৎসক দলটি বিশেষ ওষুধের ব্যবস্থা করে সাপটিকে হালকা অজ্ঞান করে জটিল অস্ত্রোপচার শুরু করেন। দুই ঘণ্টার ধৈর্য্যশীল কাজের পর চিকিৎসকরা সাপটির ছিঁড়ে যাওয়া চামড়া ও পেশি সেলাই করেন। মোট ৮০টি সেলাই দিয়ে কোবরার জীবন বাঁচানো সম্ভব হয়।
বর্তমানে কোবরাটির অবস্থা স্থিতিশীল এবং অস্ত্রোপচারের পরবর্তী পর্যবেক্ষণের জন্য সেটিকে আবার রাহুল ও মুকুলের কাছে হস্তান্তর করা হয়েছে। আরও দুই দিন পর্যবেক্ষণে রাখার পর সাপটিকে বন্য পরিবেশে অবমুক্ত করা হবে।
সূত্র: এনডিটিভি





